
মুক্তির ২৬তম দিনে বিশ্বব্যাপী ৩১০ কোটি রুপির বেশি আয় করে মালয়ালম সিনেমার বক্স অফিসে নতুন রেকর্ড গড়েছে ‘বেথলেহেম ফ্যামিলি ইউনিট’। নিভিন পাউলি ও মামিথা বাইজু অভিনীত সিনেমাটি আগের রেকর্ডধারী ‘লোকাহ চ্যাপটার ১: চন্দ্র’-কে পেছনে ফেলে মালয়ালম ভাষার সর্বোচ্চ আয়কারী সিনেমার অবস্থান দখল করেছে।
ভারতীয় বক্স অফিসের হিসাবভিত্তিক প্রতিষ্ঠান স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, সিনেমাটির বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ৩১০ কোটি ৫৫ লাখ রুপি। এর মধ্যে ভারতে নিট আয় ১৪৯ কোটি ৯০ লাখ রুপি এবং বিদেশের বাজার থেকে এসেছে ১৩৫ কোটি ৫০ লাখ রুপি। এর আগে ২৪তম দিনে ছবিটির আয় ৩০৪ কোটি ৯৫ লাখ রুপি ছাড়ালে এটি ‘লোকাহ চ্যাপটার ১: চন্দ্র’-কে পেছনে ফেলে। ওই সিনেমাটির মোট আয় ছিল ৩০১ কোটি ৪১ লাখ রুপি।
মুক্তির প্রথম সপ্তাহে ‘বেথলেহেম ফ্যামিলি ইউনিট’ আয় করে ৫২ কোটি ৩০ লাখ রুপি। দ্বিতীয় সপ্তাহে ৪৯ কোটি ৮৫ লাখ এবং তৃতীয় সপ্তাহে ৩৩ কোটি ৩০ লাখ রুপি আয় হয়। চতুর্থ সপ্তাহেও দর্শকের আগ্রহ ধরে রাখতে সক্ষম হয়েছে সিনেমাটি।
ছবিটির সাফল্যে সবচেয়ে বড় অবদান মালয়ালম সংস্করণের। এ সংস্করণ থেকে আয় হয়েছে ১৪৩ কোটি ২৫ লাখ রুপি। তেলুগু সংস্করণ থেকে এসেছে ৩ কোটি ৫২ লাখ এবং তামিল সংস্করণ থেকে ৩ কোটি ১৩ লাখ রুপি।
পরিচালক গিরিশ এডির সিনেমাটির গল্প অ্যাশলি নামের এক তরুণী ও তার চেয়ে বয়সে বড় প্রতিবেশী জাস্টিনকে ঘিরে। বয়সের ব্যবধানের মধ্যে গড়ে ওঠা প্রেমের গল্পের সঙ্গে এতে রয়েছে হাস্যরস, আবেগ ও পারিবারিক টানাপোড়েন। প্রচলিত রোমান্টিক সিনেমার তুলনায় চরিত্রগুলোর স্বাভাবিক আচরণ, দ্বিধা ও দৈনন্দিন জীবনের নানা পরিস্থিতি গল্পটিকে আলাদা করেছে।

সিনেমাটির সাফল্যের পেছনে পরিবারের দর্শকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করেন অভিনেতা নিভিন পাউলি। তার মতে, পরিবারের সবাই একটি সিনেমা পছন্দ করলে টিকিট বিক্রি বাড়ে এবং প্রেক্ষাগৃহের ব্যবসাও লাভবান হয়। তিনি এ সাফল্যের কৃতিত্ব দিয়েছেন পুরো নির্মাণ দলকে, বিশেষ করে পরিচালক গিরিশ এডিকে।
ছবিতে নিভিন পাউলি ও মামিথা বাইজুর পাশাপাশি অভিনয় করেছেন সংগীত প্রতাপ, সুরেশ কৃষ্ণ, বিনয় ফোর্ট, রোশন শানাভাস ও শ্যাম মোহন। প্রযোজনা করেছেন দিলীশ পোথান, ফাহাদ ফাসিল ও শ্যাম পুষ্করণ। সংগীত পরিচালনায় রয়েছেন বিষ্ণু বিজয়।
মালয়ালম ভাষাভাষী প্রবাসী দর্শকদের আগ্রহ এবং তামিল ও তেলুগু সংস্করণের মাধ্যমে বৃহত্তর দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছানোও সিনেমাটির ব্যবসায় ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অভিনয়, নির্মাণশৈলী, মুক্তির সময় ও দর্শকের প্রতিক্রিয়াসহ একাধিক বিষয় ছবিটির বক্স অফিস সাফল্যে অবদান রেখেছে।